THE SHOW MUST GO ON সক্কলে এর নাম দিয়েছে জীবন THE SHOW MUST GO ON
অনেকক্ষন চুপচাপ বসে রইলাম কিন্তু যা লিখতে বসলাম তা লিখতে পারব না সেই
অক্ষমতা টের পেতে পেতেই সময় অনেকটা এগিয়ে গেল । আমার জীবনের নাট্যমঞ্চ একটা নয় ,
দুটো । সুতরাং দুতরফেই আমায় অভিনয় করে যেতে হয় সর্বক্ষন , এমনভাবে যাতে নির্দেশক
বুঝতে না পারে , দর্শক তো নয়ই । এ অভিনয়ের কোনও বিরাম নেই । অথচ আছে এমন এক
মুহুর্ত যেখানে আমি ও আমার বেঁচে থাকা একাত্ম হয়ে যায় । সেই মুহুর্তে জন্ম নেয় কয়েকটা
চিহ্ন যারা কথা বলে না ,শুধু অন্তরালে অপেক্ষা করে । আজ অব্দি তাদের চিনে উঠতে
পারিনি কিন্তু জানি তারা আছে এবং খুব ভয়ানকভাবেই আছে । আমি মধ্যে মধ্যে বুঝতে পারি
কয়েকটা ছায়া একটা বিশাল ক্ষেতের ধার দিয়ে ধীমতালে এগিয়ে চলেছে , মৃদু লাল আভা
আকাশে , অন্ধকার অত ঘন নয় , জলের আওয়াজ স্পষ্ট , কয়েকটা ছায়া এগিয়ে চলেছে । আমি
জানি কয়েকটা সম্পর্ক থাকে , কয়েকটা ভালবাসা থাকে যাদের কাছাকাছি আসতে নেই , আসলেই
নষ্ট হয়ে যাবে সবকিছু । হয়তো এটাও তেমনই একটা । ওদের চলাফেরা , হাঁটার ভঙ্গি আর
জলের শব্দ আমার খুব ভিতরে বাজতে থাকে এমনসব ক্ষনিক স্পর্শে যেখানে সময়ের শূণ্যতা
গভীর হয়ে নানারকম জ্যামিতিক আকার বানাতে থাকে তীব্র গতিতে । আমি আজও বুঝি না এ
অসাঢ়তা কীসের ? কৌতূহলের নাকি রহস্যের । নির্বিকার আস্ফালনে মঞ্চে আলো জ্বলে ওঠে ,
আমি মৃত সজ্জায় সেজে দাপিয়ে বেড়াই , হাততালি ওঠে , শিটি বাজে , হুল্লোড় হয় কিন্তু
আমি জানি , খুব ভাল করে জানি এসব মিথ্যে , ভীষণ প্রত্যয়ে মিথ্যে অথচ এরই নামে আমি
কাটিয়ে দিই স্মৃতির পরে স্মৃতি , সক্কলে এর নাম দিয়েছে জীবন ।
আসলে নিতান্ত মূঢ়তা ভিন্ন এ গোপনীয়তার খোলস টিকে থাকতে পারবে না । আর এ এমন এক
অসহায়তা যেখানে মূঢ় সেজে থাকাটাই বাধ্যতামূলক , সাধারন কে অসাধারন বানাবার প্রচেষ্টাতেই
গোপনীয়তার এত আয়োজন । চিরপরিচিত সহকর্মীগন আচমকা বেহুঁশ হয়ে লুটিয়ে পড়ে সম্মুখে ,
মিশে যেতে থাকে মেঝের সঙ্গে , আবছা হয়ে যায় মুখ , হাত বাড়ায় সবাই কিন্তু কাছে
গেলেই পেছন থেকে আরও অনেক কণ্ঠস্বর আর্তনাদ করে ওঠে । আমি দিকভ্রান্তের মত ছুটতে
থাকি , একবার এদিকে তো আরেকবার ওদিকে । কাওকে ধরে রাখতে পারি না । কান্না আসতে চায়
কিন্তু আসে না , আসে নতুন মুখ । আমি দীর্ঘশ্বাস ফেলি , উঠে যাই পুনরায় । চলতে থাকে
পূর্ববর্তী উপস্থাপনা THE SHOW MUST GO ON ... ... ... ...
No comments:
Post a Comment
I am waiting for your valuable comment. Please comment. Thank you..