Monday, 23 June 2014

তোমাকে নিয়ে কৌতূহল বাড়তে বাড়তে শহীদ মিনার



সুনন্দা রহমান এই ছিল তোমার নাম যদিও তখনও তোমার বিয়ে হয়নি । আমি যেদিন বাড়ি থেকে পালিয়েছিলাম আর আমার বন্ধুরা আমারই ফোনের সমস্ত পয়সা শেষ করে আমাকে খুঁজেছিল সেদিন আমি খুঁজে পেয়েছিলাম তোমাকে । একটা ভিড় বাসে গায়ে ঘামের বাজে গন্ধ নিয়ে তুমি দাঁড়িয়েছিলে আমার গা ঘেঁষাঘেঁষি করে । আমি তখন স্রেফ ভেবেছিলাম তোমার হাতের স্পর্শ নয় বুকের স্পর্শের কথা । শহীদমিনারের রহস্য কাটাতেই হবে এমন একটা জেদ চেপে গেছিল । ভিড় বাসে তোমার ময়লা চুড়িদার রুক্ষ মাথা শরীরের খারাপ গন্ধ আর হাতে থাকা ছেঁড়া থলি অথচ ফর্সা রঙ নিখুঁত তুলির চোখ !!

পিছুটান আমার ছিল না তাই পিছু নিতে অসুবিধাও নেই । বাস থেকে আচমকা নেমে তুমি যেখানে আমায় নামালে সেখানে হা হা করা অন্ধকার । অথচ তোমাকে ছাড়া কোনও অন্ধকার আমি দেখতে পাইনি । অদ্ভুত সে রাস্তা । গ্রামের রাস্তা বললে ঠিক বলা হয় না আর শহরের তো নয়ই । একটা বিশাল বটগাছের পাশ দিয়ে তুমি পিছনে না ফিরেই চলে যাচ্ছিলে আর আমি তোমার পিছু পিছু । পাশ দিয়ে শ্মশানযাত্রীর দল খই ছুঁড়তে ছুঁড়তে ফিসফিস করে কথা বলতে বলতে একহাঁটু কাদা নিয়ে আমাকে চারপাশ থেকে অতিক্রম করে যাচ্ছিল । কাজল মাখা চোখ নিয়ে মড়াগুলো একবার বাঁ কনুইয়ের ওপর ভর দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে নিল আমাকে । একটা লন্ঠন হাতে নিয়ে একজন বয়স্ক মহিলা আমাকে বলল , দাদুভাই নীলকণ্ঠ পাখি এখন আর খুঁজলেও পাওয়া যায় না ।  অথচ আমি তখন ভাবছিলাম এবার থেকে ব্যায়াম করব , বিশেষ করে তোমার সামনে খালি গা হয়ে । মনে আছে সুদেব আমায় বলেছিল , ভিখিরির আবার ভিক্ষেতে লজ্জা কিসের ? 

তারপর হঠাৎ দেখি দুপাশে দোকান নেই মানুষ নেই কিন্তু একটা সুর আছে একটা নেশা আছে । আচ্ছা বলতে পারবে সে কোথাকার সুর কোথাকার নেশা ? তোমার বুকের না আমার বুকের ? তারপর আমি যখন উত্তর খুঁজতে গেছি অন্ধকারে মড়ার দলের পিছু পিছু ততক্ষনে তুমি ভ্যানিস !

আমি চিৎকার করেছি ... চিৎকার ! চারপাশে তখন গ্রামে আসা অমিতাভ বচ্চন দেখা ভিড় । সময় লেগেছিল ১৮ সেকেন্ড । আমি চোখ বুজেছিলাম আর খুলেছিলাম । বাসের কন্ডাক্টর আমাকে নাড়িয়ে দিয়ে বলে গেল বসে পড়ুন ফাঁকা হচ্ছে । 
ফাঁকা হয়ে গেল । 

সুনন্দা রহমান এই দিয়েছিলাম তোমার নাম । তখনও তোমার বিয়ে হয়নি । অথচ দেখো আজও তোমাকে নিয়ে কৌতূহল ভিড় বাসে আমার শরীরে শহীদমিনার বানিয়ে দিয়ে যায় ।

No comments:

Post a Comment

I am waiting for your valuable comment. Please comment. Thank you..