জীবনটা দুম করে ফুরিয়ে যাবার
নয় , আস্তে আস্তে একটু একটু করে নিজেকে মেলে দেবার আবার গুটিয়েও নেবার ।
অন্তঃসারশূন্য এই দিনগুলো আসবেই এবং পেরিয়ে যাবেই । কদিন ধরেই একটা নেশাতে আচ্ছন্ন
থাকলাম এবার নতুন নেশা দরকার । এখন কিছু
সময় অতীতের কথা মনে হয় – দিনগুলো ভাল – না না খারাপ – না অতটাও খারাপ নয় যদিও –
তবে তেমন কিছু ভাল কি – এই সব জানা অজানার মাঝে থেকে যাবে আমার প্রতিটি কাটিয়ে
দেওয়া সময় । কদিন ধরে খালি স্বপ্ন দেখছি - যা কিছু হতে চেয়েছিলাম – যা কিছু হতে
চাই – যা কিছু হয়েও হতে পারব না – যা কিছু না হয়েও হয়ে যাচ্ছি । কি যে বলি সব
কিছুই যেন জট পাকাতে পাকাতে জটীল হয়ে যাচ্ছে । গতকাল এক বন্ধুর কথা দুম করে মনে
পড়ে গেল । কতদিন যে তার সঙ্গে দেখা নেই , কথা নেই । অথচ ... থাক সেসব। ফোন করতে
গিয়ে জানলাম নম্বরটা পালটে নিয়েছে । কোথায় আছে কে জানে ? ওদের মধ্যেই কেউ আমাকে
মৈথুনের রহস্য শিখিয়েছিল , হাতের কাছে পেলে ওকে চুমু খেতে খেতে হেবি কেলাব ।
ক’বছর আগেও আমার বেশ কিছু
প্রেমিকা ছিল । এখনও তারা প্রেমিকাই আছে তবে অন্য কারও । আমি ভেবে রেখেছি , যে
বাড়িটাতে আমি থাকব তার নাম দেব “প্রাক্তন প্রেমিকাদের জন্য” । এই তো কদিন আগে মদ
খেয়ে মাঝরাত্রিরে একজনকে ফোন করে দেখা করতে বলেছিলাম কিন্তু সকালে উঠে ভুলেই গেছি
। আমি জানি নিশ্চিত সে এটা পড়বে , আমি জানি কিছুজন আছে কিন্তু কমেন্টবক্সে বা
লাইকে তারা জানান দেয় না , অন্যভাবে না জানিয়ে থাকতেও পারে না – তাই আমি জানি । শোন
পাগলি , আজও তোকে ভালবাসি, শুধু আর বলার মত সময় আমার নেই । আচ্ছা কাকে এখন চুমু
খাচ্ছিস – দিলদারটি কে ? যেই হোক তোর সেই সুতির ওড়নাটা আমি আজও হারাই নি , তাই তার
পাওয়ার কোনও চান্স নেই ।
আমার চেহারা দিন দিন আরও ভারি
হচ্ছে , এদিক সেদিক মেদের ছড়াছড়ি । কিন্তু প্রেমে মেদ জমতে দিইনি একটুও । আসলে আমার
মত করে ওটাই তো রয়ে যাবে । ইদানীং চুল কাটছি না , তুই জানিস কি ? জানি না কেন তবে
মনে হয় তোর চুলের যে ঘ্রাণটা আমার ভীষন প্রিয় ছিল সেটা পাবার জন্যই হয়তো , কেননা
আগের দুবছর পরে তোর থেকে সে রহস্য আমি জেনে নিয়েছিলাম । এখন আবার দুবছর কাটিয়ে
দিবি নাকি সারাজীবন পেরিয়ে গেলেও দুবছর কিছুতেই কাটবে না ।
বিবেকানন্দকে আমি আজও সেই একই
চোখে দেখছি , প্লিজ ঝগড়া করিস না । আচ্ছা , আমার গায়ে জল দিতে গিয়ে তোর সেই পা
পিছলে পড়ে যাওয়ার ঘটনাটা মনে আছে নিশ্চয় । আমার আজও হাসি পাচ্ছে । শুধু যে
কান্নাগুলো দায়ী সেগুলো ভুলে গেছি ।
আমি তোর কাছে ভয় কিন্তু ভাল
করে ভেবে বলতো তুই কি আমার কান্না ছিলি না হাসি – তোকে কেন তবে ভুলে যাই আবার মনেও
করি । বল না রে ...
উফঃ এইরকম কত কি ৮০৩০ দিনে জমে
উঠেছে , হারিয়ে গেছে । এখন শুধু জানি জীবনটা দুম করে ফুরিয়ে যাবার নয় , আস্তে
আস্তে একটু একটু করে ... । তবে ভাবছি এই নেশাটা শেষ করে তবেই পরের নেশাতে যাব আর
মাঝরাস্তায় কোনও কিছু ছেড়ে চলে আসব না ।
No comments:
Post a Comment
I am waiting for your valuable comment. Please comment. Thank you..