Saturday, 2 November 2013

অসম্পূর্ণ গল্পের পরে সে আসবে , আসবেই ... ... ... ... ... ...


স্বপ্নের জুড়িগাড়িতে চেপে রাত্রিযাপন শুরু করেছিলাম । স্বপ্নগুলো কখন যে বেঁচে থাকার একমাত্র অভিধা হয়ে গেছিল সেটা বলতে পারব না । ঘুম ভাঙলেও মনে হত সে আছে , সে থাকবে । তার থাকার কোনো অন্ত নেই কোনোদিন থাকবেও না । সমস্তদিনের কাজ , ব্যস্ততা , ঘর্মক্লান্তি , হতাশা , পরিতাপ , বেদনা, আনন্দ , অভিলাষ সবকিছুর মধ্যেই যখন একাকীত্ব চেপে বসত স্পন্দনে স্পন্দনে , ইচ্ছে হত উঁচু বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে ঝেড়ে ফেলে দিই সব রিক্ততাগুলো , তখন সে আসত , এসে জানান দিত যে নিস্তব্ধতা সমগ্র সত্তায় বিস্তার করেছে জাল সেটার অন্তরালে লুকিয়ে রয়েছে তীব্র জীবনরসের ঘ্রানহীন মধুরতা । ফিরে আসতেই হয় ।

        কেন যে চিৎকার করিনি তখন ? আজকাল প্রচণ্ড অনুতাপ হয় । অনুতাপ হয় এই ভেবে , যদি যৎসামান্য নিজের মনের জোরের ওপর ভরসা করে সেদিন দুদণ্ড ছড়িয়ে দিতে পারতাম অপরিপূর্ণ গ্লানিময় আবেশ তবে আজ হয়ত গভীর অন্তরে নিত্যদিনের চাপা চিৎকার প্রতিটা রাত্রে বাধ্য করত না দুই হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে অশ্রুহীন কান্নার মত যন্ত্রনা ভোগ করতে । কিন্তু পারিনি , সত্যিই পারিনি সেদিন । ইদানীং , কুয়াশায় ডুবে যাওয়া মানুষকে দূর থেকে দেখলে যেমন আবছা মনে হয় , সেরকমই একটা ভাব চতুর্দিকে আচ্ছন্ন করে থাকে । একা থাকতে ভীষণ যন্ত্রনা হয় । অরণ্য যেমন সঙ্গিনীহীন হয়ে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে তেমনই কথাহীন সময়গুলো পেরিয়ে যাচ্ছে দূরে , অনেক অনেক অনেক দূরে । আমার কিচ্ছুটি করবার নেই , তাকে এরকম ভাবে হারিয়ে যেতে দেওয়া ছাড়া ।

        আগের সেই দিনগুলোতে সারাটাদিন লেখার পর  যদি সেই লেখা সে না পড়ত , আমার লেখার সার্থকতা থাকত না । আমি ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে পড়তাম দুধারে গাছ-গাছালি ঘেরা নির্জন পিচের রাস্তা ধরে হাঁটতে । মনে হত , এখন অন্তত সে এসে যদি হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে আমার সঙ্গে তবে একটা নিশ্বাসের শেষে কেটে যাবে সব অভিমান । সে আসত না , কোনোদিন আসত না । স্রোতহীন অভিযোগ শৈবালের মত ঠাণ্ডা করে ফেলত মুখমণ্ডল । আমি এগিয়ে যেতাম আরও । ঈশানের মেঘ কালো হয়ে উঠলে বৃষ্টি নামত । ভাবতাম আর কি না এসে পারবে । পারবে না নিশ্চয় । কিন্তু তখনও আমি একাই ভিজে যেতাম । ভিজে চুবুচুবু হয়ে গেলে ফিরে আসতাম একরাশ রাগ সঙ্গে নিয়ে । আজ ১৯ বছর কেটে গেছে , সে আসেনি । কেউ কি বলতে পারবে এখন আমার কি হওয়া উচিত । এই প্রশ্নের মতই নিরুত্তর ভাবে জীবন কাটানো ছাড়া কোনও উপায় নেই আর । কোনও উপায় নেই ।
       
      জ্বলে ওঠা আলোর রাত্রিতেও ভয়ঙ্কর শূণ্যতা গ্রাস করতে থাকে । ফিসফিস করে সারা শরীরজুড়ে অচেতনতা প্রভাব বিস্তার করে । ভাবি , অপেক্ষা করা উচিত । নিশ্চিত সে আবার আসবে । আমি জানি , আমি জানি ।

No comments:

Post a Comment

I am waiting for your valuable comment. Please comment. Thank you..