নীতু বলেছিল , পৃথিবীর সত্য কখনই স্থির নয় । চরম সত্য বা চরম মিথ্যা বলে যারা
নিজেদের মনে ধারনা করে থাকেন তাদের চেয়ে বড় মূর্খ আর কেউ নেই । অতীত যা এখন জীবনকে
আর প্রভাবিত করতে পারে না তাকে জোর করে স্মৃতির নাম দিয়ে জিইয়ে রাখার নাম যন্ত্রনা
ও কাপুরুষতা ।
সেদিন আমার কাছে কোন উত্তর ছিল না । কেননা আমি জীবন সম্পর্কে তখন তেমন বিশেষ
অভিজ্ঞতা বা পর্যালোচনার জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই নি । চাই নি তার কারন অন্য
কিছু নয় , আমি ভাবতাম , জীবনে বর্তমানে যা যা ঘটছে সেটাই সব , এর বেশী কিছুকে নিয়ে
ভাবতে গেলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই হয় না । আজ বুঝলাম , নীতু সেদিন ঠিক বলেছিল ।
সঠিক পদ্ধতিতে বিশ্লেষন না করে এগুলেও যন্ত্রনা আসে আবার বিশ্লেষন করে এগুলেও
আবেগের মর্যাদা লঙ্ঘিত হয় ।
মানুষের জীবনের সবথেকে বড় চাহিদা সম্পর্ক । কথাবিহীনভাবে মানুষ বাঁচতে পারে না
। আমি মনের চাহিদার কথা বলছি , বাহ্যিক কোন ত্বত্তগত খুঁটিনাটিতে আমার আজ
বিন্দুমাত্র উৎসাহ নেই । কাল একটি ঘটনার রেশ যা এখনও আমার কাটেনি , হয়ত কাটাতে
চাইও না , সেখানের এক উচ্ছল আনন্দ আমার হৃদয়কে নতুন করে সজীব করে তুলেছে । আমার
একাকী হাঁটতেই ভাল লাগে । সন্ধ্যেবেলা মৃদু অন্ধকারে কোলাহলহীন শান্ত বাতাসের স্পর্শ
গায়ে মেখে এগিয়ে যেতেই আমার যত খুশি । এখানে আর কারো জায়গা আমি কখনো কল্পনাও করে
উঠিনি । যদি আচমকা কেউ সেখানে এসে পড়ত তবে আমার ভীষন অস্বস্তি হত । তাই অতি সযত্নে
আমি সেই জায়গা লুকিয়ে বেড়াতাম । এটাকেই সত্য বলে মনে করতাম । কাল আচমকা নয় ,
একেবারে কথা বলতে বলতে আমি আর একজন একটা রাস্তা দিয়ে হেঁটে গেলাম । দিব্যি অনেকটা
পথ । কিন্তু কোথায় কি ? আমার যত অস্বস্তি যত অশান্তভাব কোনকিছুই যেন আমায় স্পর্শ
করতে পারল না । পরে মনে হতে লাগল এতদিন কি তবে মনের কোনো গভীর অস্তিত্বে কারো
সঙ্গে , এমন কারো সঙ্গে যার সাথে কথা বলা যায় বাছবিচার না করে , নির্দ্বিধায় ,
সাবলীলভাবে , আপোষহীন মধুরতায় , তার আবছা চাহিদা ছিল ? জানি না ...
তবে এটুকু বুঝেছি , যে একাকীত্ব আমার অভ্যেস হয়ে গেছিল । আমার জীবনের একমাত্র
অর্থ ও যাপনরীতি হয়ে গেছিল , সেটা আজ ভেঙে গেল । আমি তো কোনও অভিযোগ বা অনুতাপ
রাখিনি কোনোদিন । কথা বলেও যে এমন সুখ আছে সেটা আগে কখনো অনুভব করিনি । সেজন্যই
হয়ত ...
এখন শুধু এটুকুই চাই যে এরকম কথা যেন আজীবন আমার বলা হয় । এর বেশী কিছুই আমার
প্রয়োজন নেই । ভরসা করতে পেরেছি কিনা , এই প্রশ্নের উত্তর আমার জানা আছে কিন্তু
তাও একবার অন্তত সেটাকে যাচাই করে নিতে চাই । হয় ঠকব নয়ত ঠকব না । ঠকলে ভবিতব্য
বলে মেনে নেব আর না ঠকলে ... ... ...
উপশমের চেয়ে বড় সত্য কিছু নেই । হ্যাঁ তবে সেটারও ব্যাতিক্রম আছে জানি । এখন
আপাতত উপশম নিয়ে থাকতে চাই , পরের আঘাতের অবসম্ভাবি অপেক্ষায় ।
No comments:
Post a Comment
I am waiting for your valuable comment. Please comment. Thank you..