কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।।
- কবীর সুমন
জনপ্রিয়তার বহর মানে সংখ্যা, আর তার গভীরতা মানে উৎকর্ষ
। তাই, কতজনের কাছে প্রিয় হলে তবে জনপ্রিয় বলা যাবে, সেটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই
প্রয়োজনীয় এটাও জানা যে সেই জনতার উৎকর্ষ কতটা ! আসলে এই মন জানেই না, কোনজন তার
অন্তরতমকে স্পর্শ করে বসে আছে । যাকে যে জন সাড়া দেবেন, তিনিই তার দেবতা, তিনিই
তার প্রেম । তাইতো গেয়ে উঠি, মনের ভেতরে
যখন, ‘এক জনায় সুর তোলে এক তারে/ ও মন,
আরেক জন মন্দিরাতে তাল তোলে/ও আবার বেসুরো সুর ধরে দেখো/কোন জনা,
কোন জনা/ তোমার ঘরে বসত করে কয় জনা/ মন জানো না, মন জানো না’ ।
না এ মন সত্যই জানে না ।
কিন্তু কে বলল, নীরদচন্দ্র অজনপ্রিয় ? ১৮৯৭ সালে যে লোকটা জন্মেছিল, সারাজীবনে পয়সাকড়ি
কিছু করতে পারেনি, মায় দেখতেও আহামরি নয়, তবুও সেই লোকটাকে নিয়ে ২০২০ সালে ফেসবুকে
পেজ আছে, তাতে প্রায় রোজই পোস্ট হয় কিছু না কিছু । ইউটিউবে ভিডিও আছে, দেখার লোকের
অভাব নেই । ২০১৭ সালে একটা উদ্ভট লোক ‘অগ্রন্থিত প্রবন্ধ নীরদচন্দ্র চৌধুরী’
সম্পাদনা করে প্রকাশ করে। ‘মিত্র ও ঘোষের’ মতো ব্যবসায়িক প্রকাশক এখনও বই প্রকাশ
করছে নানা ঢঙে । বাজারি কাগজ আনন্দবাজার ও এই সময় অব্দি নিবন্ধ ছাপে আজও । এবং
সর্বোপরি এই বান্দা যখন গ্রাজুয়েসনের ফার্স্ট ইয়ারে, তাও বিজ্ঞান অনার্সে, মানে
বয়স সবে ১৮, সে লোকটার বইপত্র পাগলের মত গিলতে শুরু করে । এরপরেও কে বলে, এই লোকটা
অজনপ্রিয়, কার সাহস শুনি ?
হ্যাঁ একখান কথা থাকতে পারে বটে । ছেলেবেলায় পাড়াতে
বাঁদরখেলা দেখাতে এলে যেমন লোকের ভিড় জুটে যেত, কিম্বা আমাদের পাড়ার বুকুর বাবা,
এককালের নকসাল, যখন বলে পিলপিল করে লোক বেরিয়ে এসে একদিন বিপ্লব করবে, তখন
আবেগটাকে সম্মান জানালেও, কান্ডজ্ঞানকে খিল্লিই করা হয় । দেশের স্বাধীনতাতে পিলপিল করে লোক বের হয়নি,
দেশের ভাগ-বাঁটোয়ারাতে পিলপিল করে লোক এসে মানববন্ধন তৈরি করেনি, দেশের মহামারিতে
পিলপিল করে সহনাগরিক মরে গেলেও পিলপিল করে লোক এসে অন্ন তুলে দেয়নি । তা নীরদচন্দর
তো না বাঁদর খেলা দেখিয়েছে না কালোবাজারিতে মদত দিয়েছে । লোকটা নির্ভেজাল বৌদ্ধিক
চর্চা ও চর্যায় নিজেকে সারাজীবন পুড়িয়ে খাঁক করেছে শুধু । তাই পিলপিল করে লোক
নীরদচর্চা করবে এমন তো হয়ই না । এটা কারো ক্ষেত্রেই হয় না, সে যতই মুরুব্বিই হোক, হয়
না, যদি না সিলেবাসে থাকে ।
No comments:
Post a Comment
I am waiting for your valuable comment. Please comment. Thank you..